গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
এছাড়া আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।