সংগ্রাম ডেস্ক
আগামীতে রাজধানী ঢাকা আর জলাবদ্ধতায় পানিবন্দী থাকবে না; উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর মতো একটি বাসযোগ্য, নিরাপদ ও মানবিক ঢাকা গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল সোমবার রাজধানীর মিরপুর ও আশপাশের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন, ওষুধ ও রান্না করা খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আগামী দিনের জন্য সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচন করতে হবে। একটি মানবিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা কথার রাজনীতি করি না, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।
তিনি বলেন, জামায়াত দায়িত্ব পেলে রাজধানীর খাল, জলাশয় ও প্রাকৃতিক জলাধার দখলমুক্ত করা হবে। আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজধানীবাসী জানতে চায়, ঢাকা কবে জলাবদ্ধতামুক্ত হবে? সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হচ্ছে, আর কেন এখনো নগরকে পরিচ্ছন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না... এসব প্রশ্নের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে।
তিনি আরও বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আধুনিক চিন্তা ও পরিকল্পনার মাধ্যমে একটি নিরাপদ, টেকসই ও উন্নত ঢাকা গড়ে তোলা সম্ভব।
সেলিম উদ্দিন জানান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশনায় ঢাকার প্রতিটি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করছি, এটি কোনো ত্রাণ নয়; এটি আমাদের ভাই-বোনদের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধের উপহার।