গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল কবির ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার জিসিসির সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক, মোঃ নূরুল কবির ভূঁইয়া বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও নাগরিকসেবামূলক কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগরের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব মহানগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান আরও উন্নত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরবাসীর জন্য আরও আধুনিক, কার্যকর ও জনমুখী সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) সানিউল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।