কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। তাঁর তাৎক্ষণিক হস্তক্ষেপ ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার ফলেই খোকসার স্টপেজ বহাল রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আন্তঃনগর ৭৯৫/৭৯৬ নম্বর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি খোকসা রেলওয়ে স্টেশনের পরিবর্তে কুমারখালী রেলওয়ে স্টেশনে দেওয়ার অনুমোদন দেওয়া হলে খোকসাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) খোকসাবাসী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। আন্দোলনকারীদের একমাত্র দাবি ছিল—কুমারখালীতে স্টপেজ দেওয়া হোক, তবে খোকসার যাত্রীদের সুবিধা থেকে বঞ্চিত করে নয়।

এমপি আফজাল হোসেনের হস্তক্ষেপে বহাল থাকল খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি

সংসদ সদস্য আফজাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন

আন্দোলনের খবর পেয়ে সংসদ সদস্য আফজাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগের ফলেই খোকসা রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বহাল রাখার সিদ্ধান্ত হয়, যা খোকসাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ সুবিধা নিশ্চিত করেছে।

স্টপেজ বহাল থাকার খবরে খোকসাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত জনতা সংসদ সদস্য আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণেই খোকসার মানুষের দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ সুবিধা অক্ষুণ্ন রাখা সম্ভব হয়েছে।

আন্দোলনস্থলে এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলাউদ্দিন, খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমির মো. নজরুল ইসলাম, খোকসা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, কুমারখালী পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, কুমারখালী প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. মাসুদ রানাসহ খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আন্দোলনকারী সাধারণ মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও খোকসার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সংসদ সদস্য আফজাল হোসেন একইভাবে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।