বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আহত, পঙ্গু, অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন, দুঃখ-কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়দের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় তিনি তাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা, জীবিকা এবং সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন। মানবিক সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, সমাজের অবহেলিত ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি একজন মুসলমানের নৈতিক ও সামাজিক দায়িত্বও।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা তাঁর দায়িত্বের অংশ। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এ গণসংযোগ ও মানবিক কার্যক্রমে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফিজ হাফিজুর রহমান, বন্দবিলা ইউনিয়ন আমির সামদানী, ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির, জহুরপুর ইউনিয়ন সভাপতি হাফেজ আবুল কাশেম, সেক্রেটারি মনজুর কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাজুরা সাংগঠনিক শাখার সভাপতি মাহাফুজ হোসেন ফুরকান, সাবেক শিবির নেতা মুন্তাছিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে অধ্যাপক গোলাম রসুলের সরাসরি বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া, আহত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।