চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন পরিদর্শন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারীছড়া ভাঙন পরিদর্শন ও লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কোচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত মানুষের জন্য ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতোমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কী ক্ষতি হয়েছে এর ওপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসলসহ সবকিছুর জরিপ করা হচ্ছে। সেই জরিপের ফলাফলের মাধ্যমে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার যেসব স্থানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। এরপর শুকনো খাবারসহ অন্যান্য সুবিধা সরকারি, বেসরকারি এবং দলীয়ভাবে দেওয়ার চেষ্টা করেছি।
সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।
এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। দিনভর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পানি বন্দিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি শনিবার (১৮ জুলাই) পেকুয়া ও মহেশখালী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।