বরিশালের কৃতি সন্তান ও চব্বিশের জুলাই গণআন্দোলনে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নিজ গ্রামে সমাহিত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত করেন তিনি। এ সময় শহীদের রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কবর জিয়ারত শেষে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর শহীদ ফয়সাল আহমেদ শান্তর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে যারা ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহ, রহমতপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম রুবেল, রহমতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি মো. আব্বাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত নেতৃবৃন্দ শহীদ ফয়সাল আহমেদ শান্তর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।