খুলনার পাইকগাছায় মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসান ওরফে কিং (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গরুর হাট এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ও গণপিটুনির ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান ওরফে কিং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। রোববার বিকেলে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা উপজেলা স্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার বলেন, রাত ৯ টা ২০ মিনিটে হাসান নামের ওই ব্যক্তি কে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান।
পাইকগাছা থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।