স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূ সম্পা আক্তার আরিফার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি স্বামী মিরাজুল ইসলাম রাসেলকে (৩৫) সিঙ্গাপুরে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নিহতের স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা-তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে সম্পা আক্তার আরিফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. অহিদুজ্জামান কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামির বিদেশযাত্রা ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের স্বামী মিরাজুল ইসলাম রাসেল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ছিল। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে আত্মহত্যার একটি ধারণা পাওয়া গেলেও এটি হত্যা নাকি আত্মহত্যা-সে বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবারের দাবি, অনলাইন জুয়াকে কেন্দ্র করে প্রায়ই পারিবারিক কলহ হতো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।