সম্মানসূচক ডিন'স অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাবেক দাওয়াহ সম্পাদক মো: আরিফুল ইসলাম।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬ এ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নিকট থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রইছ উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিন এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
অ্যাওয়ার্ড গ্রহণ করে আরিফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিন’স অ্যাওয়ার্ড গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, নৈতিকতা, নেতৃত্ব এবং সমাজের প্রতি ইতিবাচক অবদানের মধ্যেই তার প্রকৃত মূল্য নিহিত।
তিনি আরও বলেন, আমি মনে করি এই পুরস্কার কেবল একটি সম্মাননা নয়; এটি একটি আমানত এবং দায়িত্ব।
উল্লেখ্য, ডিন'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের কৃতিত্ব হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষাবর্ষের সব বিভাগ ও ইনস্টিটিউটের ১০৪ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন রয়েছেন।