স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে আগামী ১০ ও ১১ জুলাই ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রোগ্রামের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো- এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের ২৪২ টার্ম (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই-ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য ও সর্বশেষ আপডেট জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd ভিজিট করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।