জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এডুম্যাক্স কনসালটেন্সির যৌথ উদ্যোগে ‘মিট আওয়ার গ্লোবাল স্কলার্স’ শীর্ষক উচ্চশিক্ষাবিষয়ক একটি ইন্টারেক্টিভ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ সেমিনারে দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের কৌশল এবং গবেষণার বিভিন্ন সুযোগ নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও অক্সফোর্ড স্কলার ড. মো. মিজানুর রহমান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে এমএসসি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল (DPhil) ডিগ্রি অর্জনের অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি, গবেষণার মানোন্নয়ন এবং স্কলারশিপ অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া ইউরোপীয় কমিশনের ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টসের সেন্ট্রালাইজড সাপোর্টের এশিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের (EMA) সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান ইরাসমাস মুন্ডুসসহ ইউরোপের বিভিন্ন স্কলারশিপের সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সফলতার কৌশল তুলে ধরেন।
সেমিনারে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও হার্ভার্ড স্কলার ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE)-এ পোস্টডক্টরাল ফেলো ও ভিজিটিং স্কলার হিসেবে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন এবং বৈশ্বিক পরিসরে গবেষণা ও একাডেমিক ক্যারিয়ার গঠনের নানা দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে সচেতন করে তুলতে এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ওয়েলকাম গিফটের পাশাপাশি ৩০০+ শিক্ষার্থীকে বিনামূল্যে আইইএলটিএস (IELTS) কোর্সের সুযোগের ঘোষণা করা হয়।