সরকারকে দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো. মোবারক হোসাইন বলেছেন, গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না। জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ৩৬ জুলাইকে ধারণ ও স্মরণে রাখার জন্য অতিদ্রুত জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ব্যবস্থ করতে হবে।

আজ ৪ জুলাই শনিবার বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মোবারক হোসাইন আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। সংসদের ভিতরে ও বাইরে জনস্বার্থে কর্মসূচি পালন করে আসছে। গণভোটে প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে সরকার মূলত জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে রাষ্ট্রীয় সংস্কারের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে। সরকার নিজেদের সংশোধন না করলে জনগণ সময়ের প্রেক্ষাপটে হাসিনার মতো তাদেরও একদিন বিতাড়িত করবে। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জনস্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেবে।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাগুরা সদর উপজেলার পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক ফারুক হুসাইন, সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যাংকার মো. মাসুদুল আলম। আগামী উপজেলা পরিষদের নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের মাগুরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন, সাবেক ছাত্রনেতা ও মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আজমত হুসাইন প্রমুখ।