বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় সমমর্যাদাভিত্তিক স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি গ্রহণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণার জন্য আগামী ১০ জুন দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।