ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা শাখায় দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে নগরীর ডাকবাংলোস্থ ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার নেতা ও গ্রাহক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী গ্রাহক মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদের পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক শাহাদাৎ হোসাইন, সেলিম উর রহমান, আসগার আলী, মো. নাসির উদ্দিন, জি এম আব্দুল্লাহ, আব্দুর রশীদ, ওয়াহিদুজ্জামান, মো. আসলাম হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্বেগ এবং দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া, গ্রাহকদের প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া এবং আমানতের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা অবৈধ চেয়ারম্যান অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের সেবার মান উন্নয়নের দাবি জানান। তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।