বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন আগামী ৩০ জুলাই সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া হবে। এসময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সাথে চলবে আলোচনা।

তারা আরও বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনের কমিশন নির্ধারিত হয়েছিল প্রতি ঘনমিটারে ৮ টাকা। গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে।