ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে ১৬–১৭ বছর বয়সী বহু শিক্ষার্থী আটকা পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের দ্বিতীয়তলা থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন থেকে বাঁচতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা গেছে।

দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে অন্তত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়।

ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর একটি দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের স্বজনদের জন্য আর্থিক সহায়তা ঘোষণাও করেছেন। সূত্র: এনডিটিভি