যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠান শুধু ইরানের জনগণের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যের মানুষ এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছেও একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ এই বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে আসবেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে বহু বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত অতিথি এবং সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এতে অংশ নেবেন। জানাজায় বিপুল জনসমাগমের আহ্বান জানিয়েছে ইরান সরকার।
সূত্র: বার্তা সংস্থা মেহের