চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরে টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে এ সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। শুরু থেকেই টাইগার বোলারদের তোপে বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। সেই ধাক্কা সামাল দিতে জশ ইংলিস, মারনাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট লড়াই করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।

লাবুশেনের অপরাজিত ৫৫ ও বার্টলেটের ৫২ রানে ভর করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে। বৃষ্টির কারণে এরপর আর ইনিংস এগোয়নি। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন তিনটি করে উইকেট, তানভীর ইসলামের শিকার দুটি।

ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। দুজনই ৪২ রান করে আউট হন।

মাঝখানে কিছুটা চাপ তৈরি হলেও তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজ সেই চাপ সামলে নেন। হৃদয় ধৈর্য ও বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন, অন্যদিকে মিরাজও নেতৃত্বসুলভ ইনিংস খেলেন। ম্যাচের এক পর্যায়ে মাথায় বলের আঘাত পেলেও চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি।

শেষ দিকে জয়ের জন্য প্রয়োজনীয় রান দ্রুত তুলে নেয় বাংলাদেশ। মিরাজের ছক্কায় নিশ্চিত হয় কাঙ্ক্ষিত জয়। ৩৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।