মেক্সিকো ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রেও শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের তৃতীয় ও শেষ উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। আর এই আয়োজনের পরপরই মাঠে গড়ানোর অপেক্ষায় ‘ডি’ গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হয় লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের।
বিশ্বকাপের স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য এবারের আসরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৯৪ সালের পর দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। তাই লস অ্যাঞ্জেলেসের এই আয়োজন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। আয়োজকরা একে কেবল একটি ক্রীড়া আসর নয়, বরং ফুটবলের সঙ্গে সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের মিলনমেলা হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।
উদ্বোধনী মঞ্চও ছিল সেই বৈচিত্র্যের প্রতিফলন। অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। মার্কিন পপ তারকা ক্যাটি পেরি, র্যাপ শিল্পী ফিউচার, ব্রাজিলের গায়িকা আনিতা, দক্ষিণ কোরিয়ার শিল্পী লিসা, নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলা সবাই মিলে জমিয়ে তোলেন অনুষ্ঠানটি। বিশ্বজুড়ে কোটি দর্শকের সামনে তাদের পরিবেশনা রূপ নেয় এক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই শিল্পী নির্বাচন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক পরিচয় ও অভিবাসী সমাজের বৈচিত্র্যকে তুলে ধরার জন্য। তিনি আরও বলেন, ফুটবল এখানে শুধু খেলা নয়, বরং সংস্কৃতি, সঙ্গীত ও ঐক্যের এক বিশাল উদযাপন।