জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় জনসভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরপুর-১০ এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।

আতাউর রহমান আরও জানান, জনসভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। আয়োজকরা জানান, এ জনসভায় মূলত জামায়াতের মিরপুর জোনের জনশক্তি এবং স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।