বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্ট শূন্যতা কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে কোনো শূন্যতা দীর্ঘদিন ফাঁকা থাকে না। একটি শক্তি সেই স্থান পূরণ না করলে অন্য কোনো শক্তি তা দখল করে নেয়। তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে হবে।

শনিবার (১৩ জুন) যশোর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী স্থানীয় নির্বাচন বিষয়ক কর্মশালা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, কেন্দ্রীয় জরিপ কমিটি ও নির্বাচন কমিটির সদস্য হিসেবে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অতীতের নির্বাচনগুলোতে কোথায় অনিয়ম হয়েছে এবং কোথায় দলের সাংগঠনিক দুর্বলতা ছিল, তা চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্র থেকে শিগগিরই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক দুর্বলতা দৃশ্যমান হচ্ছে। এ অবস্থায় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী অবস্থানে যেতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের জনগণের কাছে যেতে এবং সেবামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সংগঠন বিভিন্ন খাতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির উদ্যোগ নিয়েছে। জাতীয় রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে ভারসাম্য রক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় বক্তারা স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাশেম রেজা, শহর আমীর ইসমাঈল হোসেন, জেলার অফিস সম্পাদক নুর-ই আলী নূর আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া কর্মশালায় যশোর জেলার বিভিন্ন উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও কাউন্সিলর জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন।