গাজীপুর মহানগরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ। বিশেষ অভিযানে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১২০ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া এলাকায় কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জিএমপি সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে একটি কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস থানার দাসকান্দি (আবিদের বাড়ি) এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমন শাহরিয়ার (২৮) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল (মোল্লাবাড়ি, ২ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৮)।

অভিযানে ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ রেজিস্ট্রেশন নম্বরের একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অশোক কুমার পাল পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মহানগরে মাদক নির্মূলে জিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।