মুন্সীগঞ্জের শ্রীনগরে তেলবাহী কাভার্ডভ্যান ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম শনিবার বেলা ১২:৩০টার সময় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশে ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজের উত্তর পাশে ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি জ্যাক (JAC) পিকআপে আসা ৭ থেকে ৮ সদস্যের ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। তারা চালক ও হেলপারকে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কেয়টখালী এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলভর্তি কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শ্রীনগর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)কে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত কাভার্ডভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। এরপর বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারের একটি ভাড়া করা গোডাউন থেকে ৫৮৫ কার্টন এবং অপর একটি গোডাউন থেকে আরও ৫৮ কার্টন ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মোট ৬৫২ কার্টন বা ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৩ কার্টন তেল উদ্ধার করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার জানিয়েছে, এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।