গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, আকতারুল ইসলাম, জহির আহসান, মুনিরা শারমিন, জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুদ মাস্টারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের জনগণের মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোটের ব্যবস্থা, তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষা জোরদার করা সময়ের দাবি। এসব দাবি বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, জনগণের অধিকার, সুশাসন ও জাতীয় স্বার্থ রক্ষায় এনসিপির আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আলোচনা শেষে দলীয় নেতাকর্মীরা জুলাই পদযাত্রার কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।