প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। এ বিষয়ে পরিবেশ স্টার্টআপ গঠন করা যায় বলেও জানান তিনি।

আজ (বুধবার, ১০ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬’ এ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জুবাইদা রহমান। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে একইদিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘সৌদি আরবের মরুভূমিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া নিম ট্রি রোপণের উদ্যোগ নিয়েছিলেন। যা আজও হাজীদের রৌদ্রের তাপ থেকে শান্তি দিচ্ছে।’

তিনি বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান। এ লক্ষ্যে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাবও তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

জেডআরএফ‘র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এর সভাপতিত্বে ও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেডআরএফ গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ ফ মো ইউসুফ হায়দার, বর্তমান ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও জেডআরএফ‘র পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ বয়জার রহমান প্রমুখ।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফ‘র পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।