দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বিবরণ অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে আসে এসে বস্তির ভেতরে প্রবেশ করে দুটি প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর হামলাকারীরা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানায় পুলিশ।
রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন পুরুষ মারা যান। এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন, বিশেষ করে বস্তি এলাকায় এমন সহিংসতা বেশি দেখা যায়।
দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পাশাপাশি অন্তত সমসংখ্যক অবৈধ অস্ত্রও থাকতে পারে বলে দক্ষিণ আফ্রিকার গানওনার্স অ্যাসোসিয়েশনের গিডিয়ন জউবার্টের বরাত দিয়ে পরিসংখ্যানে বলা হয়েছে।