দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে জয় দিয়ে অভিযান শুরু করেছে স্কটল্যান্ড।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত ম্যাচে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটিশরা। ম্যাচের একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দ্বিতীয় মিনিটেই বেন ডকের প্রচেষ্টায় প্রথম সুযোগ পায় স্কটল্যান্ড, তবে হাইতির গোলরক্ষক সহজেই তা রুখে দেন। জবাবে পঞ্চম মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ডিডসন লউইসিয়ুস, কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি।

১৭তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। বেন ডকের পাস থেকে স্কট ম্যাকটমিনের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৮ মিনিটে আর ভুল করেনি তারা। ডান প্রান্ত দিয়ে বেন ডকের দুর্দান্ত দৌড়ে তৈরি হওয়া আক্রমণে অ্যাডামসের শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে জন ম্যাকগিনের নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে হাইতি। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধজুড়ে একাধিক আক্রমণ চালালেও স্কটল্যান্ডের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা।

পরিসংখ্যানেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। পুরো ম্যাচে হাইতি ১৩টি শট নেয়, যেখানে স্কটল্যান্ডের শট ছিল ৮টি। লক্ষ্যে দুই দলই ৩টি করে শট রাখতে সক্ষম হয়। বল দখল ও পাসিংয়েও ছিল সমতা। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে থাকায় মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।

ম্যাকগিনের গোলে এগিয়ে স্কটল্যান্ড: বোস্টনে গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ড তাদের ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করছে। ম্যাচের ২৮ মিনিটে স্কটিশদের হয়ে প্রথম গোল করেছেন জন ম্যাকগিন।

ফলে বিরতিতে স্কটল্যান্ড এক গোলে এগিয়ে রয়েছে।

বস্টনে জন ম্যাকগিনের গোলটিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে এবং স্কটল্যান্ড বর্তমানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে।